images

সারাদেশ

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ পল্টু শেখ (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পল্টু শেখ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

মাদারীপুরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পল্টু শেখ (৩৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ ও একটি হাসুয়া জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস