images

সারাদেশ

কুমিল্লায় অবৈধভাবে মজুত ২১৫ লিটার অকটেন জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২১৫ লিটার অকটেন জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার।

এর আগে রোববার (১৯ এপ্রিল) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাত ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে আদর্শ সদর উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। তিনি জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালত বালুতুপা এলাকার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিক এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে মালিক মো. শফিকের গুদাম থেকে লুকিয়ে রাখা ২১৫ লিটার অবৈধ অকটেন জব্দ করে।

 

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে জ্বালানি মজুত ও সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিক এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে জাতীয় স্বার্থে জেলা এনএসআই এর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানায়।

প্রতিনিধি/টিবি