images

সারাদেশ

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেদের মাঝে বকনা গরু বিতরণে কথিত অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সাচ্চু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল হক আজাদসহ অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গরু বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের কাছে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটির সুপারিশ প্রদান করা হয়। তবে ওই কমিটির যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কীভাবে গরু বিতরণের তালিকায় স্বাক্ষর করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মৎস্য অফিসের ৬০ গরু বিতরণ, অনুসন্ধানে বেরিয়ে এলো নানা অসংগতি

বক্তারা আরও বলেন, প্রকল্পে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে এর দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদেরই নিতে হবে। তারা প্রশ্ন তোলেন, যথাযথ তদন্ত ও যাচাই ছাড়াই কেন তালিকায় অনুমোদন দেওয়া হলো। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে “হাস্যকর” বলে উল্লেখ করেন তারা।

নেতাকর্মীরা দাবি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দ্রুত তদন্ত করতে হবে। পাশাপাশি প্রকৃত উপকার ভোগীদের তালিকা পুনঃযাচাই করে তাদের মাঝে সঠিকভাবে সহায়তা বিতরণের আহ্বান জানান। পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬০ জন উপকারভোগীর মাঝে ৬০টি বকনা গরু বিতরণের ক্ষেত্রে সঠিক যাচাই-বাছাই করা হয়নি। এতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।

তারা বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তবে বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

প্রতিনিধি/এসএস