জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় তানভীর ইসলাম আরিয়ান নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম আরিয়ান (৮) দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকায় পোশাক শ্রমিক স্বজল ইসলামের ছেলে। সে স্থানীয় রফিকুল ইসলামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে থেকে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
নিহতের বাবা স্বজল ইসলাম বলেন, সকালে বাসা থেকে স্কুলে যায় তানভীর। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল সে। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ডভ্যান পিছনে দিকে চাপ দিলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলার ও কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে মাথা, শরীর থেঁতলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা এসে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটি আটকে রাখলেও চালক পালিয়ে যায়।
কেওয়া পূর্বখণ্ড সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আরিয়ান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্কুল ছুটি হওয়ার পরপরই রাস্তায় পাশে দাঁড়ায় রাস্তা পার হতে। সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান ঘুরানোর জন্য পিছনের দিকে চাপ দিলে পাশে থাকা সীমানা পিলার সঙ্গে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস