images

সারাদেশ

রংপুরে তেল পাম্পে হামলা চালিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে জোরপূর্বক পেট্রোল লুটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা।

লিখিত অভিযোগে জানা যায়, ১৭ এপ্রিল জুমার নামাজের সময় এলাকার লোকজন মসজিদে অবস্থানকালে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটার ম্যান ফরহাদ মিয়াকে মারধর করে এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখায়। এক পর্যায়ে ফরহাদ আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের আনা জারিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যায়। পরে মিটার ম্যান মোবাইলে ম্যানেজারকে জানালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফিলিং স্টেশনের মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনায় হানিফুল ইসলাম (৪২), রাজু মিয়া (৩৫), সোহেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২১) ও রাসেল মিয়াসহ (২৬) অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

রাতে মসজিদের পুকুরে বিষ ঢেলে মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি দুই নেতা

পাম্পের ম্যানেজার রুহুল আমিন অভিযোগ করে বলেন, হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে অভিযোগে করেন তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস