Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় শ্রমিকদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, শোকজ

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাফায়েত সরকার নামে এক শ্রমিকদল নেতার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

সাফায়েত সরকার উপজেলার চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গেছে, একটি কাগজের সরু পাইপ মুখে লাগিয়ে টানছেন সাফায়েত সরকার। আর পাইপের নিচে বিশেষ একটি কাগজে ইয়াবা জাতীয় কিছু রেখে নিচে ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছেন তিনি।

এ বিষয়ে আজ শুক্রবার (১৭ এপ্রিল) খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ওই ছবিটি চোখে পড়েছে। এ ঘটনায় সাফায়েত সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে কোনো আপস করা হবে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাফায়েত সরকারকে পাওয়া যায়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  মাদকবিরোধী অভিযানে পুলিশ নিয়মিত কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি