জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
ঝালকাঠির নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শীতলপাড়া এলাকার বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমারই ছোট ছেলে মো. খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। গত (১০ এপ্রিল) রাত ১০টার দিকে খলিল হাওলাদার তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় এবং বাজে ভাষায় গালিগালাজ করে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই তার দেখভাল করতে চায় না। গত কয়েকদিন আগে রাতে ঘর থেকে নামিয়ে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবি তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন।
অভিযুক্ত খলিল হাওলাদারকে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নলছিটি থানার উপ- পরিদর্শক অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, আমি অভিযোগ পাওয়ার পরে বৃদ্ধা হাজেরা বিবিকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার দুই ছেলের কেউই দরজা খোলেনি। ছেলেরা মায়ের জন্য কেউ সুবিধাজনক নয় বলে মনে হচ্ছে না। ছেলেরা আগামী শুক্রবার এলাকার মান্যগণ্য নিয়ে সালিশ করবে বলে থানায় এসে জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস