images

সারাদেশ

২০০ টাকার জন্য খুন, ৩ বছর পর আসামি ধরল পিবিআই

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

গাজীপুরের ছোট দেওড়া এলাকায় মাত্র ২০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জের ধরে এক চালককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রায় তিন বছর আত্মগোপনে থাকার পর হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর ইউনিট পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

গ্রেফতার শাওন মিয়া (৩০), গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার আব্দুর রশীদের ছেলে।

পুলিশ সুপার বলেন, গত ২০২৩ সালে ১৩ মে ছোট দেওড়া এলাকায় নিজ বসতবাড়ির পাশে ভুক্তভোগী গাড়ি চালক মাসুদ রানাকে পথরোধ করে আসামি শাওন মিয়া, সুজন মিয়া (৩৩), গদু মিয়া (২৬) ও আ. রশিদসহ (৫৫) অজ্ঞাতনামা ৪/৫ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় স্বজনরা উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে তারিখে মারা যান মাসুদ। এ ব্যাপারে নিহতের ছোট ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সৌদিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

পুলিশ কর্মকর্তা বলেন, মামলা দায়েরের পর তদন্তে নামে পিবিআই। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি বছরের ১২ এপ্রিল চট্টগ্রামের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চিটাগাং ফিড লিমিটেডে অভিযান চালায় পিবিআই। পরে সেখানে প্রায় তিন বছর আত্মগোপনে থাকাবস্থায় প্রধান আসামি শাওন মিয়াকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে নিজেকে সম্পৃক্ততার বিষয় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, আসামি শাওন ভিকটিম মাসুদের বাসার সামনে ভাড়া থাকতেন। নিহত মাসুদ শাওনের কাছে ২০০ টাকা পেত। এই টাকার জন্য মাসুদ আসামি শাওনকে গালিগালাজ করে। এ ঘটনার জেরে ভিকটিম চাকু দিয়ে আসামির হাতে পোচ মারে। এরপর আসামি শাওন মাসুদের কাছ থেকে চাকু কেড়ে নিয়ে তার বুকের নিচে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

প্রতিনিধি/এসএস