সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোবাহান খাঁ। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে।
সোবাহানের পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সংসারে ৫ ছেলেমেয়ে ও স্ত্রী রয়েছে তার। গত ১১ এপ্রিল সোবাহানের মৃত্যু হলেও রোববার রাতে খবর পায় তার পরিবার।
বিজ্ঞাপন

স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদিআরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল থেকে সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সি এই যুবক। কাজ চলাকালীন সময় ভবনের ছাদ থেকে অসাবধানবশত লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
ঘটনার পর অন্য শ্রমিকরা সোবাহানকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যায় তিনি।
এই প্রবাসীর মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবিও জানিয়েছে নিহতের পরিবার।
বিজ্ঞাপন
এএইচ




