জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
টাঙ্গাইলে প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। হামের সংক্রমণ নিয়ে এ পর্যন্ত টাঙ্গাইলে দুই শিশু মৃত্যুবরণ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, এ হাসপাতালে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন রোগী ভর্তি হন। আর চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন রোগী।
এছাড়াও মোট ছাড়পত্র বা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮৬ জন রোগী। এখন পর্যন্ত ২ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ৮ মাস এবং অপরজনের বয়স ১৩ মাস। তারা দুজনেই টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর স্বজনরা জানায়, হাম রোগীদের ওয়ার্ডগুলোর পরিবেশ ভালো না। প্রয়োজনীয় ওষুধপত্র বাইরে থেকেই কিনে আনতে হচ্ছে। তবে, ডাক্তারা নিয়মিত রোগীদের খোঁজ-খবর রাখছেন।
টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উপপরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক সংকট থাকলেও সার্বক্ষণিক রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। স্বস্তির বিষয়গুলো, গত কয়েক সপ্তাহে কোনো রোগীর মৃত্যু নেই।
প্রতিনিধি/এসএস