জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কেটে পাচারের সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দোছড়ি, থাইংখালী ও উখিয়া সদর বিট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রোহিঙ্গাদের ব্যবহার করে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচার করে আসছিল। সাম্প্রতিক সময়ে বন উজাড়ের প্রবণতা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয় এবং তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত করা কাঠ জব্দ করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম জানান, সংরক্ষিত বনভূমি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। বন ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বনভূমি রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও কাঠ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

অভিযানে অংশ নেন সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, উখিয়া অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ দখল, জ্বালানি কাঠ সংগ্রহ এবং কাঠ পাচারের কারণে হুমকির মুখে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বন রক্ষায় কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
প্রতিনিধি/এসএস