জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিহারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ওই যুবকের নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের হাত থেকে উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, দুর্ঘটনার স্থানে মানুষজনের বাড়ি রয়েছে। সেখানে কোনো সংযোগ সড়ক নেই। এটি আত্মহত্যা কিনা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহতের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/টিবি