জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ঝালকাঠি-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহবুব সৈকত।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠি অভিমুখে আসার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল চালক ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস