রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে লিটন খান (৩৮) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে উড়াকান্দা মোল্লা পাড়া জামে মসজিদ সংলগ্ন বেড়িবাঁধের পাশে পদ্মা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
লিটন খান সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তিনি সপরিবারে একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি দূরপাল্লার ভাড়ার কথা বলে জ্যাকেট নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। রাত ১২টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা নদীপাড়ে লিটনের মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্ত্রী হালিমা বেগম বিলাপ করতে করতে বলেন, রাতে বলে গেল দূরে ভাড়া আছে, আসতে দেরি হবে। রাত ৩টার সময়ও যখন ফিরল না, তখন মেয়ের ফোন দিয়ে কল দিয়ে দেখি বন্ধ। আমার স্বামীকে ওরা রিকশাটার জন্যই মেরে ফেলল।
ঘটনাস্থলে উপস্থিত রাজবাড়ী সদর থানার এসআই ওবায়দুর রহমান জানান, ট্রিপল নাইন (৯৯৯) থেকে তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের পর প্রমাণ লোপাট করতে মরদেহটি নদীর পাড়ে পানির মধ্যে ফেলে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও রিকশাটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি




