জেলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউনহল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপির রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থবিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়। পুলিশ বাহিনীকে দমন-পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিনিধি/এসএস