images

সারাদেশ

নওগাঁয় কৃষকদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

১০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

নওগাঁর মহাদেবপুরে এক কৃষকদল নেতার গাঁজা সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গাঁজা সেবনকারী ওই নেতার নাম ওয়াজেদ আলী ওরফে আলী। তিনি মহাদেবপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি।

ভিডিওতে দেখা যায়, উপজেলার গরুর হাটের একটি জায়গায় পা ঝুলিয়ে বসে আছেন ওয়াজেদ আলী। হাতে কাগজে মোড়ানো গাঁজা। তিনি বলতে শোনা যাচ্ছে, ‘এইশালা এগুলো খাওয়া যাবে?’ আবার বলছেন, ‘তামাক কিন্তু এটা মাটির তলে থোয়া (রাখা)।’

এ সময় আড়ালে থাকা একজনকে এগিয়ে দিয়ে বলছেন, ‘দানা আছে, একবার শুকে দেখ।’ এরপর গাঁজা থেকে কিছু ফেলে দেন তিনি নিজেই। পরে হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে ডলতে দেখা যায়। সর্বশেষ গুঁড়ো করে সিগারেটে ভরে তা টানতে দেখা যায় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, ‘আমি মিথ্যা কথা বলার লোক না। এটা আমাকে একজন ব্ল্যাকমেইল করেছে। আমি গাঁজা সেবন করি না। একজন আমাকে হাতে দিয়েছিল, আমি ওভাবে হাতে নিয়ে ধরেছিলাম। তবে আমি গাঁজা খাই না। সিগারেট খাই।’

মহাদেবপুর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রাজু বলেন, ‘ওয়াজেদ আলীর মাদক সেবনের একটা ভিডিও পেয়েছি। আমরা থানা কমিটি বসব। দলে নেশাখোর ও চাঁদাবাজের স্থান হবে না।’

নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু বলেন, ‘বিষয়টি অবগত আছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এমআই