জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
যশোরে ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেল মজুদ রাখায় মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার ওই মিলটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিলটিতে বিপুল পরিমাণ সয়াবিন, পাম ও সুপার তেলের মজুত পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলটিতে ৮৪টি ব্যারেল ভর্তি ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেলের মজুত ধরা পড়ে। ওই পরিমাণ সয়াবিন তেলের বাজার দর ৩৪ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এ ছাড়াও ৩১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৯০ ব্যারেল ভর্তি ১৮ হাজার ৩৬০ লিটার পাম ওয়েল এবং ১৫ লাখ ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৪০ ব্যারেল ভর্তি ৪ হাজার ১৬০ লিটার সুপার তেলের মজুত পাওয়া যায়। সবমিলিয়ে ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা মূলের তেলের মজুত পাওয়া যায় মিলটিতে।
সূত্র জানায়, মজুত ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিলটির মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেল মজুত না করে দ্রুত বিক্রির ব্যাপারে মুচলেকা নেওয়া হয়। যশোর এলাকার ইভেন্ট অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি বলেন, সয়াবিন, পাম ও সুপার তেলের মজুত তথ্য পেলে অভিযান চারানো হয়। ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেল মজুদ রাখায় মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিনিধি/এসএস