উপজেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর, মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় সহযোগিতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত ৫টি শ্যালো মেশিন, ১ হাজার ফিট পাইপ বিনষ্ট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়। এসময় ফেনী নদী থেকে উত্তোলন করা প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস