জেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক কেনাবেচার দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই মাদক কারবারিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার বড়দাপ ঘোষপাড়ার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং উপজেলার রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। রায়ে স্বাধীনকে নগদ ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আনছারুলকে নগদ ১০০০ টাকাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান সেখানে উপস্থিত হন। এসময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৯(১)(গ) লঙ্ঘনের জন্য ধারা ৩৬(১) সারণি অনুযায়ী অর্থ ও কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থ ও কারাদণ্ডের পর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আটোয়ারী উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রতিনিধি/এসএস