জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার লিবার্টি নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেল (নেত্রকোনা-হ ১৩-৪৫৫৫) চালিয়ে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।
এ ব্যাপারে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস