বগুড়ার শিবগঞ্জে বাসায় চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে মা-ছেলে মিলে ছুরিকাঘাতে খুন করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭১)। এ ঘটনায় জড়িত সুলতানা বেগম (৪৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তিনি আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বর্ণনা করে জবানবন্দি দিয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার সুলতানা বেগম(৪৭) শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কুপা গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী।
সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে পুলিশ তাকে নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে। খুনের সঙ্গে জড়িত সুলতানা বেগমের ছেলে রোহান রহমান সিয়াম (৩০) পলাতক রয়েছে।
গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম।
শিবগঞ্জ থানার ওসি জানান, গ্রেফতারের পর সুলতানা বেগম জানান, তার বিদেশ ফেরত ছেলে সিয়াম বেকার এবং ঋণগ্রস্ত হয়ে পড়ায় চরম আর্থিক কষ্টে ভুগছিলেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য মা- ছেলে প্রতারণার মাধ্যমে চুরির পথ বেছে নেয়। আশপাশের গ্রামের যে সব বাড়িতে পুরুষ মানুষ থাকে না, তারা সেই বাড়িগুলো টার্গেট করে আত্মীয় পরিচয়ে প্রবেশ করে টাকা কিংবা স্বর্ণালংকার চুরি করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সেই অনুযায়ী ৪ এপ্রিল সন্ধ্যায় মা-ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজের বাসায় প্রবেশ করে। ওই সময় বাসায় শাহনাজ বেগমের ছেলের বউ জিন্নাত আক্তার রিয়া ও তার ছোট এক সন্তান বাসায় ছিল। মা-ছেলে আত্মীয় পরিচয় দিয়ে শাহজান বেগমের সঙ্গে গল্প করে এবং নাস্তা করে। ছেলের বউ রিয়া ছোট সন্তানকে নিয়ে তার ঘরে প্রবেশ করে।
এক পর্যায় শাহনাজ বেগমের কাছে কিছু টাকা ধার চায় সুলতানা বেগম। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা-ছেলে শাহনাজ বেগমকে জিম্মি করে টাকা ও স্বর্ণের গহনা ছিনতাইয়ের চেষ্টা করে। শাহনাজ বেগম চিৎকার করলে মা-ছেলে গামছা দিয়ে শাহনাজ বেগমের মুখ বেধে গলায় ছুরিকাঘাত করে। পাশের রুমে থাকা ছেলের বউ চিৎকার শুনের বের হতে চাইলে বাইরে থেকে দরজা লাগানো থাকায় তিনি তার স্বামীকে ফোন করে বিষয়টি জানায়। পরে শাহনাজ বেগমের ছেলে মাহমুদুল হাসান সবিজ বাজার থেকে লোকজন নিয়ে এসে তার মাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, সোমবার বিকেলে গ্রেফতার সুলতানা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন, আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী ১৬৪ ধারায় সুলতানা বেগমের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রতিনিধি/এসএস

