images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, শনাক্ত ৪৮, হাসপাতালে ভর্তি ৭

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত জেলায় মোট ৩ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। বর্তমানে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৭ জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বস্তির বিষয় হলো—এখন পর্যন্ত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Hospital

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

‘হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণায় যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হয়নি’

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমরা টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছি। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এসএস