জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুন্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন। স্থাপনের পর থেকেই নলকূপটি থেকে পানির সঙ্গে এক ধরনের গ্যাসের তীব্র ঘ্রাণ আসছিল। যে কারণে সে পানি খাওয়া যাচ্ছিলো না। বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা সেখানে দিয়াশলাই এবং গ্যাস লাইট জ্বালালে নলকূপে আগুন জ্বলে ওঠে। এরপর থেকেই এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন।
আব্দুল মতিন বলেন, নলকূপটি বসানোর পর পানির সঙ্গে গ্যাস বের হওয়ার বিষয়টি আমরা প্রথমে টের পাইনি। গ্যাসের গন্ধে আমরা পানি পান করতে পারছিলাম না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করি এবং দেখি যে আগুন জ্বলছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এখানে আসলে কী আছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিনিধি/টিবি