images

সারাদেশ

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে পেট্রোল এনে বিক্রি, জরিমানা, কাগজপত্র জব্দ

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে করে পেট্রোল এনে খুচরা বিক্রির অভিযোগে হানিফ তালুকদার (৩৫) নামে এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে হানিফ তালুকদার নামে ওই চালককে ৫ হাজার টাকা জরিমানা ও কাগজপত্র জব্দ করা হয়।

চালক হানিফ তালুকদার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ইসমাইল তালুকদারের ছেলে।

আরও পড়ুন

শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, জরিমানা ৩ লাখ

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ জানান, খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে অবৈধভাবে পেট্রোল এনে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে পেট্রোলিয়ামে আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটির প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস