জেলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত এ প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের পর্যায়ক্রমে বীজ ও সার প্রদান করা হবে। উদ্বোধনী দিনে পাট ক্যাটাগরির ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ জন কৃষক প্রতি বিঘা জমির জন্য পাটের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন। এছাড়া ১৫০ জন কৃষক প্রতি বিঘায় তিলের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং আরও ১৫০ জন কৃষক প্রতি বিঘায় মুগের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পর্যায়ক্রমে পাবেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, উপকারভোগী কৃষক-কৃষানি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস