রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ছুটির দিনে রাতের আঁধারে কৃষকের পাশে কৃষি বিভাগ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

ছুটির দিনে রাতের আঁধারে কৃষকের পাশে কৃষি বিভাগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বোরো ধানখেতে পোকা শনাক্ত ও দমনে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। আর ফাঁদে পড়ে দমন হবে ক্ষতিকর পোকা।

শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলা জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর এলাকার কৃষিমাঠে আলোক ফাঁদ স্থাপন করা হয়।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুর রব সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো খেতে কারেন্ট পোকাসহ ক্ষতিকর পোকাদমনে আলোক ফাঁদ একটি পরিবেশবান্ধব প্রযুক্তি। এ পদ্ধতিতে সন্ধ্যার পর ধানখেত হতে একটু দূরে ফাঁকা জায়গায় বাঁশের তিনটি খুঁটি ত্রিকোণাকার করে মাটিতে পুঁতে মাথার অংশ একত্রে বেঁধে দিতে হয়। এরপর মাটি থেকে আড়াই থেকে তিন ফুট ওপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে খুঁটির তিন মাথার সংযোগস্থলে রশির সাহায্যে ঝুলিয়ে দিতে হয়। এর নিচে একটি বড় আকারের প্লাস্টিকের গামলা বা পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখা হয়। সন্ধ্যার পর মাঠজুড়ে যখন অন্ধকার নেমে আসতে থাকে তখন আলোক ফাঁদের আলোর ঝলকে আকৃষ্ট হয়ে ধানখেতের বিভিন্ন পোকামাকড় এ পাত্রে চলে আসে। এভাবে আলোক ফাঁদ ব্যবহার করে ধান ফসলের মাঠে ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করে নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়। অতি অল্প খরচে তৈরি আলোক ফাঁদ অন্ধকার রাতে দেখতে দৃষ্টিনন্দনও বটে। এতে খরচ কম হয় এবং পরিবেশবান্ধব।

আরও পড়ুন

উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ এমপি মিলনের

স্থানীয় কৃষক মামুন মন্ডল বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে বোরো খেতে আলোক ফাঁদ স্থাপন করেছি। এটি ক্ষতিকর পোকা দমনে সহায়তা করছে।


বিজ্ঞাপন


উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার জানান, বোরো ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য বলেন, বোরো ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদের বিকল্প নেই। এ ফাঁদের মাধ্যমে ক্ষতিকর ও উপকারী পোকামাকড় শনাক্ত করে ক্ষতিকর পোকা দমনে আমাদের আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর