জেলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌরশহরের আখড়া রোডে এ ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের কাচারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদি দোকানে বছর দেড়েক ধরে কর্মচারীর কাজ করতেন যুবরাজ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের গুদামে মালামাল আনতে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও ফিরে আসেননি যুবরাজ। পরে সাড়ে ৫টার দিকে দোকান মালিক গিয়ে দেখেন গুদামের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে যুবরাজ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে রাতে যুবরাজের বাবাসহ পরিবারের লোকজন থানায় যান। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
এদিকে, মৃত্যুর পর যুবরাজের স্মার্টফোনে এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তার বন্ধুদের কাছে পাঠানো অসংখ্য ম্যাসেজ পাওয়া গেছে। এই কষ্টে আত্মহত্যা করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।
ওসি হাফিজুল ইসলাম বলেন, মৃত্যুর আগে যুবরাজ কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তার বন্ধুদের অসংখ্য মেসেজ দিয়েছেন। এ নিয়ে তার মনে অনেক কষ্ট ছিল। যুবরাজের স্মার্টফোনে এমন অসংখ্য চ্যাট রয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত দেখে এটিকে আত্মহত্যা মনে হয়েছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে যুবরাজের বাবা, ভাই, ভগ্নিপতি ও সেখানকার ইউপি সদস্যসহ পরিবারের অনেক সদস্য এসেছিলেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে তাদের অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি