জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে ফতেপুর বাজারে ধান ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে টাকা দাবি করেন। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি জানান।
এদিকে, রিহানকে আটকের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মির্জাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস