জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম
এতিম ও দুঃস্থ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রীয় উদ্যোগকে আরও কার্যকর করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে একটি সেমিনার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) কার্যালয় প্রাঙ্গণে নিবাসী শিশুদের ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা, প্রতিবন্ধকতা এবং সংকট উত্তরণ কৌশল শীর্ষক সেমিনার করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আল মামুন। তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও বিপুলসংখ্যক এতিম ও দুঃস্থ শিশু এখনও যথাযথ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এসব শিশুদের মানবসম্পদে রূপান্তর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও জানান, এতিম শিশুদের সুরক্ষা ও উন্নয়নে ১৯৪৪ সালে প্রণীত এতিম আইন অনুযায়ী বর্তমানে সমাজসেবা অধিদফতরের আওতায় সারাদেশে ৮৫টি শিশু পরিবার পরিচালিত হচ্ছে, যেখানে প্রায় ১০ হাজার শিশুকে ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা দেওয়া হচ্ছে।
সরকারি শিশু পরিবার (বালিকা), ঠাকুরগাঁও ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে জগন্নাথপুরে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে। এখানে ৬ থেকে ৯ বছর বয়সি এতিম ও অসহায় শিশুদের ভর্তি করে ১৮ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে লালন-পালন, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শিশু ভর্তি কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে ভর্তি করা হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি শিশুদের সার্বিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।
এসব সমস্যা মোকাবিলায় সরকারি বরাদ্দ বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু, মনোসামাজিক সহায়তা জোরদার এবং সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন এবং সহকারী পরিচালক মোছা. সাইয়েদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক সারোয়ার মুর্শিদ আহমেদ এবং র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, প্রবেশন অফিসার নাজমুজ সাকিব। এ সময় জেলা বিএনপির দফতর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সরকারি শিশু পরিবার, সিভিল সার্জন কার্যালয়, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমন্বিত ও মানবিক উদ্যোগই পারে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে।
প্রতিনিধি/এসএস