জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।
সোমবার (৩০ মার্চ) দিবাগত গভীর রাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কাকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী (৫০) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গত রোববার জেলে বহর থেকে মজিবর গাজীকে অপহরণ করে ডাকাত জোনাব বাহিনী।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানা থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে রেখে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস