জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৮:১০ এএম
খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে এক রিকশা আরোহী নারী নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌমিতা সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। মৌমিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, মৌমিতা রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই বলেন, বাবা ফোন দিয়ে জানান রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে দিদি ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/টিবি