গাজীপুরের শ্রীপুরে ঘনকুয়াশায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে প্রাইভেট কারের মালিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার সময় উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে গাজীপুর টু বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাইভেট কার মালিক মো. মাফিজ মন্ডল (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালকসহ নিহত মাফিজ মন্ডল জরুরি কাজে নিজের প্রাইভেট কারযোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কিছুদূর যাওয়ার পর ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যান। এসময় গাড়ির দরজা লক থাকার কারণে ডোবায় পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি। পরে স্থানীয়রা দরজা ভেঙে গাড়ির চালক ও মালিককে বের করেন। তবে বের করার আগেই মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তার বলেন, স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাইভেটকার মালিকের মৃত্যু হয়। জীবিত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের মালিক মফিজ মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিবি

