images

সারাদেশ

সুন্দরবনে জেলে অপহরণের অভিযোগ, নানা ভাই বাহিনীর আতঙ্ক

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

সাতক্ষীরার সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র সংশ্লিষ্টতার কথা বলছেন স্থানীয়রা। এতে উপকূলীয় জেলে পরিবারগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের এক জেলে শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কলাগাছিয়া স্টেশন সংলগ্ন বাদুরঝুলি খালে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অস্ত্রধারী একদল দস্যু তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়।

অপহৃত জেলের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই দস্যুচক্রটি ‘নানা ভাই বাহিনী’র পরিচয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এতে করে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্বজনরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে জেলেকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

নেত্রকোনায় হত্যা মামলায় পলাতক অভিযুক্তদের বসতঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

এদিকে স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে প্রায়ই দস্যুদের মুখোমুখি হতে হয়। তারা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলে জীবিকার তাগিদে বনে যেতে বাধ্য হলেও প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে তাদের।

তবে এ বিষয়ে এখনো বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, অতীতে সুন্দরবনে দস্যু দমনে একাধিক অভিযান পরিচালনা করা হলেও মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা সামনে আসছে, যা উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

প্রতিনিধি/এসএস