images

সারাদেশ

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ৩ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন।

পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে।

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে।

প্রতিনিধি/এসএস