কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ায় নদী উত্তাল হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় পাটুরিয়া প্রান্তে আটটি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।’
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন পারাপার হয়। ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তে যানবাহনের কিছুটা জটলা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মীরা মাঠে কাজ করছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে অস্থায়ীভাবে এ অবস্থা চলতে পারে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হলে দ্রুত ফেরি চলাচল চালু করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআই

