images

সারাদেশ

আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামের এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

আরও পড়ুন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

60cf21e6-7e9a-45fe-a74a-a7660c37e7fe

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের আরও এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। সীমান্ত এলাকায় বারবার এ ধরনের স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রতিনিধি/এসএস