জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় দায়ের করা নারী পর্যটক গণধর্ষণ মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামি মো. শাহীন মিয়া, (৩০) গ্রেফতার হয়। শাহীন মিয়া জেলার মাধবপুরের পরমানন্দপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে। পরে আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজিযোগে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ডাকাত বলে ধাওয়া করলে যুবক দৌড়ে পালিয়ে যায়।
এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় মো. জসিম মিয়াকে। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়। ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেন। পালিয়ে যাওয়া অন্য আসামি মো. শাহীন মিয়াকে র্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
প্রতিনিধি/এসএস