images

সারাদেশ

শরণখোলায় কিশোরী হত্যায় ৩ আসামি গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় আলোচিত কিশোরী ফাতেমা আক্তার রিয়ামনি (১৫) হত্যার রহস্য উন্মোচন হয়েছে।

গ্রেফতার তিন আসামির মধ্যে একজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আদালতে। আসামিদের সঙ্গে অনৈতিক সম্পর্কের টানাপড়েন এবং মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিক তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ।

 শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানা মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক।

ওসি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিহতের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

92523815-fc5e-4ca1-afad-fbf3e10bf108

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মাসুম বিল্লাহ হাওলাদারের ছেলে ও রায়েন্দা বাজারের কসমেটিক (প্রসাধনি) ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেল (৩৫), রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের আওয়াল সরদারের ছেলে মিজানুর রহমান (২৩) ও উত্তর রাজাপুর গ্রামের আমির হোসেনের ছেলে কসাই তুহিন (২১)। এদের মধ্যে আসামি মিজানুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শনিবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

আরও পড়ুন

নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩

ওসি শামসুল হক জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন সম্ভব হয়েছে। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও তথ্য উদ্‌ঘাটনে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার করে ওসি আরও জানিয়েছেন, কিশোরীর মৃত্যুর নেপথ্যে মাদক এবং অনৈতিক শারীরিক সম্পর্কের প্রমাণ রয়েছে। দেশে অহরহ হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে এই মাদকের কারণেই। মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে কিশোর-কিশোরী ও যুব সমাজ। মাদক নির্মূলে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন মহলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের কবরস্থানের পাশের রাস্তা থেকে কিশোরী ফাতেমা আক্তার ওরফে রিয়া মনির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে শরণখোলায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস