মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বিপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন। গত ২৪ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি। পরেরদিন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁছবাড়ইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী থেকে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে এবং ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার ধামরাই থেকে রিপন নামের এক জনকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, নিহত রফিক আমাদের বন্ধু ছিল। নেশার টাকার জোগাড় করার জন্য আমরা রফিকের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করি। সেই পরিকল্পনা অনুযায়ী রফিকে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে রফিকের গলাকেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পিবিআই গ্রেফতার আসামিদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি জব্দ করেছে।
পুলিশ সুপার জয়ীতা শিল্পী জানান, এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

