images

সারাদেশ

কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ২

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১২:৫৭ এএম

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আব্দুল জলিল (৭০) নিহত হওয়ার পর কুমেক হাসপাতালে চিকিৎসাধীন আরেক আরোহী মমতাজ বেগম (৪৫) মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ও হাসপাতাল সূত্র।

দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ইসমাইল (২৬)সহ আরও অজ্ঞাত দুই যাত্রী মারাত্মক আহত হয়েছেন। তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন অন্য যাত্রীরা।

নিহত আব্দুল জলিল দেবীদ্বার উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি হলুদ ও মরিচের ব্যবসা করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহত মমতাজ বেগম দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের চাঁনগাজী বাড়ির মৃত খোকন মিয়ার স্ত্রী। তিনি উপজেলার ফুলতলী গ্রামে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিউ সুগন্ধা বাসের চালক মো. রাজা মিয়া (৩৫)-কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘নিহত আব্দুল জলিলের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে জালাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। দুর্ঘটনায় অপর নারী নিহত হওয়ার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মীরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. আক্তারুজ্জামান রাত ৯টায় জানান, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক রাজা মিয়াকে জনতার রোষানল থেকে উদ্ধার করে আটক দেখিয়ে দেবীদ্বার থানা হেফাজতে রাখা হয়েছে। মামলায় তাকে বিধিমোতাবেক জেল হাজতে পাঠানো হবে।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এমআই