জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে বাসটির ফিটনেস, রুট পারমিট ও কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সব কাগজপত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনাকবলিত রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বরের বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরবর্তী উদ্ধার অভিযানে ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর ২৪ ধারা ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী বাসটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাসটির নিবন্ধন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স আগামী তিন কার্যদিবসের মধ্যে বিআরটিএর রাজবাড়ী কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে মর্মে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এতে বলা হয়, অন্যথায় বাসটির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই চিঠির অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৫ মার্চ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় উল্টে ডুবে যায়। এ ঘটনায় নারী-শিশু ও চালকসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।
প্রতিনিধি/এমআই