শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

‘সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে’

দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সরকার জ্বালানি তেল খাতে প্রতিদিন গড়ে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য প্রদান করেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারের অস্থিরতার কারণে পৃথিবীর প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত দাম না বাড়ানোর নীতিতে অটল রয়েছে। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্যে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। তাই চতুর্মুখী চাপ থাকা সত্ত্বেও জনস্বার্থে ভর্তুকি দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান জ্বালানি চাহিদার চিত্র তুলে ধরে অনিন্দ্য ইসলাম বলেন, স্বাভাবিক সময়ে দেশে দৈনিক ডিজেলের চাহিদা ১২ হাজার টন এবং পেট্রল-অকটেনের চাহিদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন থাকলেও সম্প্রতি তা অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করতে হয়েছে। তবে সরকার আগামী এপ্রিল মাস পর্যন্ত প্রয়োজনীয় জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার কাজ শুরু করেছে।

Omit

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যশোর-৩ আসন থেকে জয়ী হওয়া এই প্রতিমন্ত্রী বিগত ১৫ বছরের অনিয়মের সমালোচনা করে বলেন, গত দেড় দশকে রাজনৈতিক প্রভাবে প্রকৃত দুস্থরা সামাজিক নিরাপত্তার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার চায় উপকারভোগী বাছাইয়ে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যেন কোনোভাবেই প্রাধান্য না পায়। সরকার ইতিমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের সম্মানী চালু করেছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে 'কৃষক কার্ড' চালুর পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন


যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৫৩ জন ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (খোকন), পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর