জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১১:০৬ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে নিয়ে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা পাঠে তিনি আপত্তি করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ানো হয়েছে। তবে বিষয়টি ‘মিথ্যাচার’ ও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মোর্তুজা ঢাকা মেইলকে বলেন, ‘স্বাধীনতা দিবসে গীতা পাঠ হয়েছে। এ ধরনের কোনো খবর সঠিক নয়। গীতা পাঠ হবে না এরকম কোনো অপশনই আসেনি। বিষয়টি নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির মান ক্ষুণ্ন করতে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্ গণমাধ্যমে এক বিবৃতিতে পাঠিয়েছেন। রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারি মো. গোলাম মুর্তজার এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘অধ্যাপক মুজিবুর রহমান উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির নেতারা বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করতে চাই যে, সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা, সিদ্ধান্ত বা বক্তব্য কখনো প্রদান করা হয়নি। সংবাদে উপস্থাপিত তথ্য বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও একটি মহলকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।’
অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারি মো. গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে আরও বলেন, স্বাধীনতা দিবস জাতির সবার জন্য একটি মর্যাদাপূর্ণ ও আবেগঘন দিন। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির পরিপন্থি।
প্রতিনিধি/এসএস