ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে সৃষ্ট যুদ্ধাবস্থা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার ফলে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।
তিনি উল্লেখ করেন, এই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশের জনজীবনে দুর্ভোগ বাড়ছে এবং সামনে তা আরও তীব্র হতে পারে। বিশেষ করে ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পূর্ণমাত্রায় চালু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি সংগ্রহে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা জনভোগান্তিকে চরমে পৌঁছে দিয়েছে। এই সংকট শুধু পরিবহন বা বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিল্প, কৃষি ও উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেট ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।
বিজ্ঞাপন
পরিশেষে তিনি যুদ্ধরত সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে পারস্পরিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। অন্যথায় এই সংঘাতের আগুন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য দুর্ভোগ ও কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।
টিএই/এএস

