জেলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচার বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে নয়ন মোল্যা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে বেলটিয়া ইটভাটা এলাকার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার মোচড়া এলাকার উত্তর পাড়ার পিকুল মোল্যার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোচড়া উত্তর পাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে পার্শ্ববর্তী মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালু বোঝাই করে নিজ গ্রামের দিকে ফিরছিলেন। নয়ন তখন বালুভর্তি ট্রাক্টরের ওপর বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশের সাথে ধাক্কা লেগে নয়ন ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন—
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একেবি