images

সারাদেশ

কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার আটক

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাসারীপট্টি এলাকায় বাড়িতে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাং ‘বজ্রপুর সায়েম গ্রুপ’-এর নেতা সায়েমকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। র‍্যাব ১১ সিপিসি কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সায়েমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।

আহত শিক্ষার্থী বিজয় কাসারীপট্টি এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলার পর তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: এখনও হয়নি মামলা, আটক ১৯

অভিযুক্ত সায়েম একই ওয়ার্ডের বজ্রপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে এবং একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে রাহুল, হৃদয়, পিয়াস, কালাসহ প্রায় ২০ জনের একটি দল দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সায়েম গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগে একই গ্রুপের হামলায় কাসারীপট্টি এলাকার পরিবহন নেতা হাজি মাশুক গুরুতর আহত হন।

এছাড়া গত এক বছরে একাধিকবার মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এ গ্যাংটি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এসএস