মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: এখনও হয়নি মামলা, আটক ১৯

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ঈশ্বরদীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ: এখনও হয়নি মামলা, আটক ১৯

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঢাকা মেইলকে বিষয়টি জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।


বিজ্ঞাপন


তিনি জানান, বার বার বলার পরও এখনও কোনো পক্ষ এজাহার জমা দেয়নি। এজাহার জমা দেওয়া মাত্রই মামলা এন্ট্রি করা হবে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে। তারা এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল কিনা যাচাই চলছে।

এর আগে, গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদীর রেল গেট ও পোস্ট অফিস মোড় এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মেহেদী হাসান বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর ছোট ভাই এবং ইমরুল কায়েস সুমন বিএনপির ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক।

আরও পড়ুন

সুজানগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থক ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল রউফকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে ইমরুল কায়েস সুমনের বিরুদ্ধে। পরে ইমরুল কায়েস সুমনের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে বলে জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নামে থানায় মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় সংবাদ সম্মেলন করে মামলাটি মিথ্যা দাবি করে মেহেদী হাসান। সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সংঘর্ষের এক পর্যায়ে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও ৬টি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর