images

সারাদেশ

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর-শ্যালকসহ আটক ৫

উপজেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ১১:১১ এএম

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রুপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন— নিহতের শ্বশুর হানিফ, তার ছেলে বাবু এবং স্থানীয় আরও তিনজন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তেন। ঈদের দিন বিকেলে মদ্যপ অবস্থায় সাভারে গিয়ে মারধরের শিকার হন। পরে রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে বের করে দেন।

আরও পড়ুন

দোহারে নারীকে পিটিয়ে হত্যা, আটক ২

একপর্যায়ে তিনি পাশের শ্বশুরবাড়িতে গিয়ে পুনরায় ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি শ্বশুরের বসতঘরের টিনে আঘাত করেন এবং বিদ্যুতের মিটার ভেঙে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর ও শ্যালক তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় ঝগড়াঝাঁটি করতেন। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি বলে দাবি করলেও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস