জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে পড়ে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আর্থিক সহয়তার পাশাপাশি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
আজ রোববার (২২ মার্চ) নিহত শিশুদের তিন পরিবারের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন করা হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারগুলো শোকের মাতম চলছে।

নিহতরা হলো- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সি মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সি মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সি ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সি মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে ১৪ বছর বয়সি আবির হোসেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুটিতে অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে যায় এবং অনেকেই ব্রহ্মপুত্র নদে পড়ে যান। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সহায়তায় উদ্ধারকর্মীরা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেন।

জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুফ আলী জানান, এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি নিহতদের পরিবারকে সহয়তা কথা জানান তিনি।
প্রতিনিধি/এসএস