জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সময়মতো চিকিৎসা না পাওয়ায় সড়ক দুর্ঘটনায় আহত খোকা মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু খোকা মিয়া পশ্চিম ছালুয়া গ্রামের আছমত উল্লার ছেলে। তিনি স্থানীয় সাখাওয়াত মেম্বারের বড় ভাই ছিলেন।
স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন খোকা মিয়া। দুর্ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন যুবক দ্রুত তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু এতে ঘটে বিপত্তি। হাসপাতালে থাকা সরকারি অ্যাম্বুলেন্সে তেল না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে পাঠানো সম্ভব হয়নি। এসময় জরুরি চিকিৎসা পেতে দেরি হয় এবং শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে টানানো ১৮ তারিখের একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনার বড় ধরনের দুর্বলতার প্রমাণ। এমন অব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, তেলের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু এখনো কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অয়ন মণ্ডল বলেন, গুরুতর অবস্থায় রোগী খোকা মিয়াকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তেল না থাকায় সময়মতো নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, খোকা মিয়া নজমের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি এইমাত্র জেনেছি। দ্রুত তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস